নতুন দুই বিভাগ পেল রুয়েট
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে দুটি নতুন বিভাগ যুক্ত হচ্ছে।
স্থাপত্য বিদ্যা ও মেকাট্রনিক্স এ দু’টি নতুন বিভাগ নিয়ে এখন রুয়েটে বিভাগের সংখ্যা দাঁড়ালো ১০।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী।
তিনি বলেন, এবারই প্রথম স্থাপত্য ও মেকাট্রনিক্স বিভাগে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
দশটি বিভাগে ৭২৫ জন শিক্ষার্থী ভর্তি করানোর উদ্দেশ্যে খুব শিগগির পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন আহ্বান করা হবে। ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর থেকে শুরু হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.ruet.ac.bd ওয়েবসাইটেও পাওয়া যাবে বলে উপাচার্য উল্লেখ করেন।
রুয়েটের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্ত্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী বুধবার ভর্তি কমিটির বৈঠকে ফরম ছাড়ার তারিখ ঘোষণা করা হবে।
