জামালপুরে কলেজছাত্র খুনের বিচার দাবি
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী নাজমুলের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
গত ৩ সেপ্টেম্বর জামালপুর শহরের গোলাপবাগ এলাকার একটি মেস থেকে নিখোঁজ হন বিএসএস (সম্মান) প্রথম বর্ষের ছাত্র নাজমুল ইসলাম। শুক্রবার (৬ সেপ্টেম্বর) টঙ্গী থেকে তার জবাই করা লাশ উদ্ধার করা হয়।
কলেজ চত্বরে মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম আকন্দ, অর্থনীতি বিভাগের প্রধান রেজাউল করিম খান, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান হারুন অর রশীদ এবং শিক্ষার্থী মো. মোস্তাকিম।
নাজমুল ইসলাম জামালপুর সদরের তিতপল্লাহ ইউনিয়নের চরশি খলিফাপাড়া গ্রামের আব্দুর নুর খলিফার ছেলে। নিখোঁজ হওয়ার পর দুর্বৃত্তরা তার পরিবারের কাছে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
