২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় স্কুলে আরো ১০ ছাত্রী অসুস্থ, ছুটি ঘোষণা

মাগুরা শহরে একটি বালিকা বিদ্যালয়ে দ্বিতীয় দিনও ১০ ছাত্রী ‘মাস হিস্টিরিয়ায়’ আক্রান্ত হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার এ ঘটনার পর স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

অচেতন হয়ে পড়লে দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের এ ১০ ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয় বলে কর্তৃপক্ষ জানায়।

এর আগে রোববারও একইভাবে আক্রান্ত হয়েছিল এ বিদ্যালয়ের ১৪ ছাত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম জানান, সোমবার আক্রান্তদের মধ্যে পাঁচ জনকে মাগুরা সদর হাসপাতাল এবং ১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া রোববার আক্রান্তের মধ্যে ছয় জনকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রধান শিক্ষক আরো জানান, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নবম শ্রেণির ছাত্রীরা অচেতন হয়ে পড়তে থাকে। ছাত্রীদের মাঝে আতংক সৃষ্টি হওয়ায় সোমবার দুটি ক্লাস নেয়ার পর স্কুল ছুটি দেয়া হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. সুব্রত কুমার বিশ্বাস জানান, এটি মাস হিস্টিরিয়া। সাধারণত মানসিক দুর্বলতার কারণে এ বয়সের মেয়েরা এ রোগে আক্রান্ত হয়। এক জনের দেখাদেখি অন্যরাও এতে আক্রান্ত হয়ে থাকে।