নারায়ণগঞ্জ থেকে শিশু অপহরণ, শেরপুরে নিয়ে হত্যা
নারায়ণগঞ্জ থেকে নয় বছর বয়সী এক শিশুকে অপহরণের পর শেরপুরে নিয়ে তাকে হত্যা করেছে দুই দুর্বৃত্ত।
এ ঘটনায় অপহরণকারী দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরপুরের নকলা উপজেলার ওসি একেএম ফছিহুর রহমান জানান, রোববার রাত ১২টার দিকে চাপাকুড়ি সেতুর কাছ থেকে রমজান শিকদার নামে অপহৃত শিশুটির লাশ উদ্ধার করেন তারা।
নিহত রমজান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার ইসমাইল শিকদারের ছেলে।
গ্রেপ্তার দুই যুবক হলেন- নকলা উপজেলার বারমাইস্যা গ্রামের লোক্কে মিয়ার ছেলে রিপন (২০) ও একই উপজেলার ধামনা গ্রামের নিয়ামত আলীর ছেলে হামিদুল (২০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, অপহরণকারীরা নকলার বাসিন্দা জানার পর সেখানে অভিযান চালিয়ে রোববার রাতে আটক করা হয় হামিদুলকে। সেই জানায়, রমজানের লাশ কোথায় পাওয়া যাবে। হামিদুলের দেয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় তার সহযোগী রিপনকে।
নকলার বাসিন্দা এই দুই যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন, সিদ্ধিরগঞ্জে ঘুরে ঘুরে তারা লেপ-তোষক মেরামত ও তৈরির কাজ করতেন। ওই কাজের সূত্রেই তারা জালকুড়ি এলাকায় ইসমাইলের বাড়িতে যান এবং রমজানকে দেখে মুক্তিপণের জন্য তাকে অপহরণের পরিকল্পনা তাদের মাথায় চাপে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি বলেন, “রমজানকে অপহরণ করে তারা শেরপুরে নিয়ে আসে। রোববার ভোর থেকে ছেলেটি কান্নাকাটি শুরু করলে নকলার চাপাকুড়ি ব্রিজের কাছে তাকে শ্বাসরোধে হত্যা করে দুই অপহরণকারী। তারপর ঝোপের মধ্যে লাশ ফেলে চলে যায়।”
রমজানের লাশ উদ্ধার করে নকলা থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
