‘রাজনীতির দুর্বৃত্তায়নের সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা’
দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে দুর্বৃত্তায়নের মাত্রা বেড়ে যাওয়ায় সন্ত্রাসীরাও সেই সুযোগ নিচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
“দুর্বৃত্তায়ন নির্মূলে রাজনৈতিক দলগুলোকেই উদ্যোগী হতে হবে।”
রোববার দুপুরে শহরতলীর শাহ খুররম কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
তিনি সাম্প্রতিক সময়ে সিলেটের স্বর্ণের মার্কেটে ডাকাতির ঘটনাটিকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের ধারবাহিকতা বলে উল্লেখ করেন।
মুহিত বলেন, “আমরা রাজনীতিবিদরা সন্ত্রাসীদের এ দুঃসাহসটি করার সুযোগ দিয়েছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-ের ফলে সন্ত্রাসীরা এই সুযোগটি পেয়েছে।”
সিলেটে সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। পরে তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানান অর্থমন্ত্রী।
এ ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে শুধু আন্দোলনে থেকে নয়, ঘটনা তদন্তে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করারও আহ্বান জানান অর্থমন্ত্রী।
এর আগে সকালে মন্ত্রী সিলেট নগরীর নয়াসড়ক এলাকার কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ও মদন মোহন কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন ও দ্বিতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মোহাম্মদ শাহজাহান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
