ফ্রিজে ভ্রণ, ২ নারী জেলে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার একটি বাড়ির ফ্রিজ থেকে নবজাতকের ভ্রণ উদ্ধার করেছে পুলিশ।
এরপরই শনিবার রাতে পুলিশ উপজেলার ধুকুরিয়াবেড়া গ্রামের গৃহপরিচারিকা হেলেনা বেগম ও হাজী জয়নাল নায়েবের স্ত্রী এঞ্জেলা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদেরকে ৫৪ ধারায় আটক দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, শনিবার সকালে ধুকুরিয়াবেড়া গ্রামের মৃত চাঁন আলীর ছেলে আলম সেখ তার ঘরের ফ্রিজ পরিষ্কার করছিলেন।
এ সময় প্রতিবেশীদের রাখা একটি কৌটায় মিষ্টি আছে ভেবে সেটি খুললে ভিতর থেকে দুর্গন্ধ বের হতে থাকে।
পরে কৌটা থেকে আনুমানিক ৫ মাস বয়সী একটি ছেলে নবজাতকের ভ্রণ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে রাতে ওই বাড়ি থেকে ভ্রণটি উদ্ধার করা হয় বলে জানান এসআই আফজাল।
এসআই আরো জানান, আলম সেখের তথ্যানুযায়ী ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী স্বামী পরিত্যক্ত গৃহপরিচারিকা হেলেনাকে আটক করা হয়।
“হেলেনা পুলিশকে জানায়, তার গৃহকর্তার স্ত্রী এঞ্জেলা বেগম তাকে ওই ভ্রণটি ফ্রিজে রাখতে দিয়েছিলেন।”
পরে এঞ্জেলা বেগমকেও আটক করা হয়। তবে এঞ্জেলা অভিযোগ অস্বীকার করেছেন বলে জানান এসআই আফজাল।
ভ্রণটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
