২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাবিতে টঙ্গীতে তিতাস কার্যালয় ঘেরাও

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সরবরাহের দাবিতে প্রায় তিন হাজার আবাসিক গ্রাহক তিতাস গ্যাস কোম্পানির টঙ্গী বিপণন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 06:29 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

রোববার মরকুন এলাকা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভকারীরা ব্যবস্থাপকের অপসারণের দাবিতে মিছিল করে।

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মরকুন এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান জানান, গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড মরকুন এলাকার পূর্ব পাড়া, কবরস্থান রোড, টেকপাড়া, হাজীপাড়া, মেম্বার পাড়ায় ১৫ দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বিক্ষোভ ও ঘেরাও হবে এমন খবর পেয়ে ব্যবস্থাপক মো. মোকসেদুর রহমান আগেই কার্যালয় থেকে সরে পরেন।

মো. হাবিবুর রহমান বলেন, “গত এক বছর ধরে  রাত দেড়টা থেকে রাত সারে চারটা পর্যন্ত মাত্র আড়াই ঘন্টা গ্যাস সরবরাহ পাওয়া যেত। সারা দিনের রান্না একসঙ্গে করে অত্যন্ত কষ্টে এলাকাবাসী জীবনযাপন করে আসছিল। কিন্তু গত ১৫ দিন ধরে তা-ও বন্ধ রয়েছে।”

এ ব্যাপারে তিতাস গ্যাসের কার্যালয়ে বার বার জানিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। তিতাস গ্যাস কর্মকর্তারা অনৈতিকভাবে মরকুন এলাকার কোকোলা ফুড প্রডাক্টস লিমিটেড কারখানায় অতিরিক্ত গ্যাস সরবরাহ করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

কোকলা ফুড প্রডাক্টস লিমিটেড কারখানায় গ্যাস সরবরাহের কারণে আবাসিক এলাকায় সরবরাহ বিঘিœত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিতাস গ্যাস টঙ্গী বিপণন কার্যালয়ের শিল্প কারখানায় গ্যাস সরবরাহ তদারকির দায়িত্বে নিয়োজিত সহকারী ব্যবস্থাপক মো. মশিউর রহমান ।

কোকোলা ফুড প্রডাক্টস লিমিটেড কারখানার পরিচালক মো. সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।