নেত্রকোনায় দুটি প্রতিমা ভাংচুর
নেত্রকোনার সদরে দুটি কালী মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে কোনো এক সময়ে বেতাটি গ্রামের সার্বজনীন কালী মন্দির ও জঙ্গলবরুয়ারি গ্রামের সার্বজনীন মন্দিরে এ ভাংচুর হয়
নেত্রকোনা মডেল থানার ওসি এস এম মফিজুল ইসলাম ও সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক পঙ্কজ সাহা রায় জানান, রোববার দুপুরে বেতাটি গ্রামের পূজারী মলয় ধর পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙা দেখতে পান।
ওসি মফিজুল ইসলাম ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল দাস মন্দির পরিদর্শন করেছেন।
অপরদিকে নির্মল দাস ও পঙ্কজ সাহা রায় জানান, সদর উপজেলার জঙ্গলবরুয়ারি গ্রামের সার্বজনীন মন্দিরে কলিমাতা ও মহাদেবের প্রতিমা ভাংচুর করা হয়েছে।
দুপুর আড়াইটার দিকে জঙ্গলবরুয়ারি সার্বজনীন মন্দিরের সভাপতি ও সেবায়েত নীলমণি দাস মন্দিরে পূজা দিতে গিয়ে দুটি প্রতিমা ভাংচুর দেখতে পান।
শনিবার রাতের কোন একসময় দুর্বৃত্তরা তালা ভেঙ্গে মন্দিরে ঢুকে। তারা কালিমাতা ও মহাদেবের মাথা ভেঙ্গে ভিতরেই ফেলে রেখে যায় বলে জানান পূজা উদযাপন কমিটির নেতারা।
ওসি এস এম মফিজুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। সেখানে পুলিশ পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
