মাদারগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা
জামালপুরের মাদারগঞ্জে এক দম্পতিকে তাদের নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে জোনাইল নয়াপাড়া গ্রামে নিহতরা হলেন রবিজুল ইসলাম (৪৮) এবং তার স্ত্রী মর্জিনা বেগম (৩৬)।
জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাদের হত্যা করা হয় তা জানাতে পারেননি।
তাদের বড় ছেলে মনিরুজ্জামান মনির (১৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে বাজার থেকে বাড়িতে ফিরে তার বাবাকে গুরুতর অবস্থায় টিউবওয়েলের কাছে পড়ে থাকতে দেখেন। এর কয়েকমিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর উঠানে দেখেন মায়ের মৃতদেহ।
তাদের অপর দুই সন্তান বন্যা (৭) ও বর্ষা (৪)।
পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল হককে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৃতদেহ দুটির সুরতহাল করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
