২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গৃহকর্মী সুমিকে নিয়ে সংবাদে আইন লংঘন হয়েছে’

সস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যা মামলায় শিশু গৃহকর্মী সুমিকে নিয়ে সংবাদ পরিবেশনে আইন লংঘন হয়েছে বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন বেগম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 11:28 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার রাজধানীর একটি হোটেলে শিশু অধিকার আইন-২০১৩ এর পরিচিতি কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি একথা বলেন।

নাসরিন বেগম লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড লেজিসলেটিভ রিফর্ম ফর চিলড্রেন প্রকল্পের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, শিশু আদালতের কার্যক্রমের গোপণীয়তা রক্ষা করতে হবে। শিশুর স্বার্থের জন্য ক্ষতিকর হলে শিশুর ছবি, বর্ণনা, সংবাদ ও প্রতিবেদন প্রকাশ বা প্রচার করা থেকে বিরত থাকতে হবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“এক্ষেত্রে ঐশীদের কাজের মেয়েটির কথা বলা যায়। সে কিন্তু এই আইনের অধীনে শিশু। সে হয়তো হত্যায় সহযোগিতা করেছে। কিন্তু তাকে যেভাবে সংবাদে দেখানো হয়েছে, সেটা দেখানো যায় না। এতে আইন লঙ্ঘন হয়েছে।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, শিশুর স্বার্থের পরিপন্থী প্রতিবেদন ছবি বা তথ্য প্রকাশ করা যাবে না। এটা করলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান আইনে রয়েছে।

এছাড়া আইনের লংঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অন্যূন দুই মাসের জন্য স্থগিত রাখাসহ অনূর্ধ্ব দুই লাখ টাকা জরিমানার কথা বলা হয়েছে আইনে।

শিশু আইন-২০১৩ এর এই পরিচিতি কর্মশালার আয়োজক ছিল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিভাগ।

ওই বিভাগেরর সচিব মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে কর্মশালায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বক্তব্য দেন।