২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ধর্মঘট ডেকেছে ব্যবসায়ীরা

সিলেটের জিন্দাবাজারে স্বর্ণের মার্কেটে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণ উদ্ধারের দাবিতে রোববার জেলায় সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 10:45 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

ধর্মঘট চলাকালে বেলা আড়াইটায় নগরীর কোর্ট পয়েন্টে মহাসমাবেশ করবে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ধর্মঘট ও মহাসমাবেশকে সফল করেতে শনিবার নগরীতে মাইকিং, প্রচারপত্র বিলি করা হয়েছে।

জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার চারদিন পরও আইনশৃঙ্খলা বাহিনী মূল হোতাদের গ্রেপ্তার করতে পারেনি। ব্যবসায়ীদের নিরাপত্তা ও ডাকাত গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হলে লাগাতার ধর্মঘট এমনকি হরতালেরও ঘোষণা দেয়া হবে।

বুধবার রাত ৮টায় নগরীর জিন্দাবাজার নেহার মার্কেটে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তিনটি দোকানের স্বর্ণ লুট করে ডাকাতরা। বোমার আঘাতে মার্কেটের এক নৈশপ্রহরী নিহত এবং ব্যবসায়ীসহ ৪ জন আহত হন।

ডাকাতি ও খুনের ঘটনায় শুক্রবার রাতে আল বারাকা জুয়েলার্সের মালিক জুবায়ের আহমদ বাদি হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৪২০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আটক পাঁচ জনের মধ্যে চার জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।