২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য-শিক্ষা নিয়ে জনগণের মুখোমুখি এমপি শামসুল হক

উপজেলার স্বাস্থ্য সেবা ও শিক্ষা বিষয়ে স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হলেন পটিয়ার সরকারদলীয় সাংসদ শামসুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 07:36 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করে পটিয়া পাবলিক পলিসি ফোরাম।

উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে পটিয়ার মাতৃস্বাস্থ্য সেবার অবস্থা, স্বাস্থ্য সেবায় কিশোরী ও নারীদের অভিগম্যতা এবং নারী শিক্ষার্থীদের ঝরে পড়াসহ বিভিন্ন বিষয়ে সাংসদকে প্রশ্ন করা হয়।

এর আগে গত বছরের ২৫ জুন একই বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে সাংসদ শামসুল হক চৌধুরী বলেন, গতবার গণশুনানির আগে উপজেলায় ২৩টি কমিউনিটি ক্লিনিক চালু ছিল। শুনানিতে দেয়া প্রতিশ্রুতি অনুসারে নতুন ২১টি কমিউনিটি ক্লিনিক গত এক বছরে চালু করেছি।

“এটি চলমান প্রক্রিয়া। সরকার পরিবর্তনে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত না হলে ভবিষ্যতে আরো ২২টি কমিউনিটি ক্লিনিক চালু করা হবে।”

গণশুনানিতে উপজেলার কয়েকটি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারীদের অনুপস্থিতি, পাঁচুরিয়া মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স না থাকা, ইভ টিজিং ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ব্যাংক না থাকা বিষয়ে সাংসদকে প্রশ্ন করা হয়।

শামসুল হক  বলেন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ব্লাড ব্যাংক স্থাপনের আবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের কাছে জমা আছে। নিয়মিত রক্তদাতার একশ জনের  তালিকা জমা দিলে অনুমতি পাওয়া যাবে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী এনেসথেশিয়ান নিয়োগ, ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন, হতদরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেয়া ও দুই মাসের মধ্যে ট্রমা সেন্টারের কাজ শুরুর আশ্বাস দেন তিনি।

পটিয়া পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক পঙ্কজ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডির কর্মকর্তা বিলি উডওয়াড ও দ্যা এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা শীলা তাজনিন হক।

পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দুলাল প্রসাদ ভট্টাচার্য্য, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিষয়ে অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন পাবলিক পলিসি ফোরামের সদস্য শীলা দাশ এবং শিক্ষা বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন ফোরাম সদস্য মোহাম্মদ সোলায়মান।