বরিশালে সাওদা হত্যা: বিক্ষোভ, মানববন্ধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদাকে হত্যায় অভিযুক্ত রাসেল মিয়াকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সহপাঠীরা।
শনিবার বেলা ১২টায় নগরীর সদর রোডে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে হিসাববিজ্ঞান প্রথম বর্ষের ছাত্রী সাওদাকে কুপিয়ে জখম করা হয়। বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনার জন্য একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেল মিয়াকে দায়ী করে আসছেন নিহতের পরিবারের সদস্যরা।
ঘটনার পর থেকেই রাসেল পলাতক রয়েছেন।
এদিকে শনিবার সকাল ৯টার দিকে সাওদার লাশ ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছে। এসময় নিহতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকাল ১০টায় ক্যাম্পাসের হানিফ চত্বরে জানাজার নামাজ শেষে সাওদার লাশ গ্রামের বাড়ি বরগুনায় নিয়ে যাওয়া হয়।
