না.গঞ্জে পরিবহন কার্যালয় দখলে নিতে হামলা
চাঁদা বন্ধ করে দেয়ার কয়েকদিনের মধ্যে নারায়ণগঞ্জে নসিব পরিবহনের কার্যালয় দখলে নেয়ার জন্য সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বাস মালিকরা।
বৃহস্পতিবার দুপুরে দফায় দফায় এ হামলায় অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলায় নসিব পরিবহনের চেয়ারম্যান সৈয়দ আশরাফুল আউয়াল, পরিচালক পারভেজ আলম, আল আমিন, তোফাজ্জল হোসেন, আসলাম, সিরাজ, সবুজসহ ১০ জন আহত হন।
নসিব পরিবহনের চেয়ারম্যান সৈয়দ আশরাফুল আউয়াল বলেন, সরকার ক্ষমতায় আসার পর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের স্ত্রীর খালাত ভাই এহসানুল হাসান নিপু নসিব পরিবহন থেকে চাঁদা নিতে শুরু করে।
পরে নিপু নসিব পরিবহন দখল করে নেন। গত ২৩ অগাস্ট বাস মালিকরা চাঁদা দেয়া বন্ধ করে দেয় এবং যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা করে কমিয়ে দেয়।
চাঁদা দেয়া বন্ধ করে দেয়ার জের ধরেই নিপুর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানান সৈয়দ আশরাফুল আউয়াল।
তিনি অভিযোগ করেন, বিষয়টি টের পেয়ে সকালেই পুলিশ ও র্যাবকে জানানো হয়েছিল। তারা আগে থেকে অবস্থান নিলে এ হামলার ঘটনা ঘটত না।
তবে এ ব্যাপারে এহসানুল হাসান নিপু সাংবাদিকদের বলেন, গত ৩০ অগাস্ট স্বাস্থ্যগত কারণে তিনি নসিব পরিবহনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
“হামলার ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম।”
নসিব পরিবহনের বাসগুলো কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড হয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পর্যন্ত চলাচল করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত সুরমা হোটেলের কার্যালয়ে হামলার ওই ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ে বাসমালিক গোলাপ হোসেন সেখানে ছিলেন।
হামলায় তার মাথা ফেটে যায়। খবর পেয়ে অন্য মালিকরাও সেখানে ছুটে আসেন। এরপর আবার হামলার চেষ্টা হলে মালিকরা তা প্রতিহতের চেষ্টা করেন।
পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর র্যাবও ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
