২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছাত্রদল-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়া সরকারি আযিযুল হক কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে । এ সময় ৫টি মোটরসাইকেলও ভাংচুর হয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2013, 06:19 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলের শ্লোগান নিয়ে ছাত্রলীগকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পর পর ৬টি হাতবোমার বিস্ফোরণ হয়।

তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফী হিরো অভিযোগ করেন, ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল করে আপত্তিকর শ্লোগান দেয় এবং ক্যাম্পাসে মিছিলের জন্য নির্ধারিত দিনের বাইরে মিছিল করে হাতবোমার বিস্ফোরণ হামলা চালিয়েছে।

এদিকে জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম পাল্টা অভিযোগ করেন, তারা ক্যাম্পাসে মিছিল বের করলে ছাত্রলীগ তাদের লক্ষ্য করে ৬টি হাতবোমা নিক্ষেপ করে। এ সময় ৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।