শেরপুরে ব্যবসায়ী খুন, একজন আটক
শেরপুরের শ্রীবরদীতে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্দেহভাজন হিসাবে একজনকে আটক করেছে পুলিশ।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ জানান, উপজেলার ঝগড়ারচর বাজারের মোদক পাড়ায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ভজ মোদক (৩৪) প্রয়াত মোহন মোদকের ছেলে। ওই বাজারে তার একটি দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে বাসার বারান্দায় বসে থাকা অবস্থায় ভজ মোদকের মাথায় গুলি করে দুর্বৃত্তরা।
জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় রতন নামে একজনকে আটক করেছে পুলিশ। পাপন মোদকের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য শ্রীবরদী থানায় নেয়া হয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
