মোবাইলে ব্যাংকিং সেবা নিচ্ছে ৭২ লাখ গ্রাহক
দেশের ৭২ লাখ মানুষ মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সেবা নিচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বুধবার রাজধানীর একটি হোটেলে মোবাইল ক্রেডিট কার্ড ‘স্বস্তি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ২৭টি ব্যাংককে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের অনুমোদন দেয়া হয়েছে। ১৮টি ব্যাংক ইতোমধ্যে সেবাটি চালু করেছে। এসব ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ লাখে।
“মোবাইল ব্যাংকিং সেবা চালুর মাত্র তিন বছরের মধ্যে সেবা গ্রহণকারী গ্রাহকের এ সংখ্যা খুবই তাৎপর্যপূর্ণ। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।”
মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম ব্যবহার করে বিডিজবস ডটকম মোবাইল ক্রেডিট কার্ড ‘স্বস্তি’ চালু করেছে।
দেশে দ্রুত বিকাশমান মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহার করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনতে ২০১০ সালে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের কার্যক্রম শুরু করা হয়।
গভর্নর বলেন, দেশের বিপুল শ্রমজীবী জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছানোর ক্ষেত্রে দেশের প্রথাগত ব্যাংকিং-এর চেয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস যে অধিকতর উপযোগী সেটি ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে।
