২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় দুই লঞ্চের মধ্যে পড়ে মেয়ের মৃত্যু, মা হাসপাতালে

বুড়িগঙ্গা নদীতে দুই লঞ্চের মাঝে পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মা ও বোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 09:46 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

নৌকায় করে লঞ্চে উঠতে গিয়ে বুধবার সন্ধ্যায় সদরঘাট এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম লাইজু বেগম (২৪)। আহত হয়েছেন লাইজুর মা রাহিমা বেগম (৫০) ও বোন মনুজা আক্তার (১৫)। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাইজুর মামা সোহাগ ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, ঝালকাঠীগামী লঞ্জে উঠতে কালীগঞ্জ ঘাট থেকে নৌকায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

রাহিমা ছোট মেয়েকে নিয়ে কয়েকদিন আগে কালীগঞ্জে লাইজুর বাসায় বেড়াতে আসেন। বুধবার তিনি বাড়ি ফিরছিলেন। মা-বোনকে লঞ্চে তুলে দিতে লাইজুও নৌকায় করে সদরঘাট যাচ্ছিল বলে সোহাগ জানান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই লঞ্চের মাঝে পড়ে নৌকাটি উল্টে গেলে তিনজনই তলিয়ে যান। অন্য নৌকার মাঝিরা তিনজনকে উদ্ধার করে। তবে লাইজু ঘটনাস্থলেই মারা যান।

রাহিমা ও মনুজা পায়ে আঘাত পেয়েছেন। তাদের বাড়ি ঝালকাঠীর বিকনায়।