২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আড়াই মাসে গণপিটুনিতে নিহত ৭

গত আড়াই মাসে পাবনার দুটি উপজেলায় গণপিটুনিতে সাতজন নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 08:30 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

এরমধ্যে ফরিদপুর উপজেলায় পাঁচ জন এবং সাঁথিয়া উপজেলায় ২ জন নিহত হয়েছেন।

অন্তর্কোন্দলের কারণে এসব হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ।

তবে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, এমন মৃত্যু কাম্য নয়।

ফরিদপুর উপজেলার হাদল গ্রামের হাদল মাদরাসার কাছেই গণপিটুনির সবগুলো ঘটনা ঘটে।

গত ১ সেপ্টেম্বর কাজেম উদ্দিন এবং ২ সেপ্টেম্বর আব্দুল আজিজ (৩৫) নামের ২ জনকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী।

এর আগে ৩ অগাস্ট ডাকাত সন্দেহে আরো তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়।

এছাড়া গত ১৪ জুলাই সাঁথিয়া উপজেলার বিলচাপড়ি গ্রামে ক্ষুদ্ধ জনতার রোষে গণপিটুনিতে বিপ্লবসহ ‘চরমপন্থী দলের’ দুই জন নিহত হন।

সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতিসহ নানা অপরাধের অভিযোগ ছিল। ওই দুজন চরমপন্থি সংগঠনের সঙ্গে জড়িত ছিল এবং তারা পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামবাসী তাদের ধরে পুলিশে সোপর্দ করতে পারতো। তারা তা না করে নিজেরাই পিটিয়ে হত্যা করেছে। এটা কোনো সুস্থ সমাজে কাম্য হতে পারে না।

পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

“ফরিদপুর ও সাঁথিয়া থানায় গণপিটুনিতে নিহতের ঘটনা সন্ত্রাসীদের দলীয় কোন্দলের কারণে ঘটেছে।”