২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাইন্দং সহিংসতা: ঘটনাস্থলে সংসদীয় কমিটি

খাগড়াছড়ির তাইন্দংয়ে ক্ষতিগ্রস্ত পাহাড়ি গ্রাম পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 08:07 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

বুধবার দুপুরে চট্টগ্রাম-৬ আসনের সাংসদ ফজলে করিমের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্য ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান।

পরে বগাপাড়া এলাকায় ক্ষতিগ্রস্তদের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন নেতারা।

এ সময় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে ক্ষতিপূরণ, নিরাপত্তা, হামলাকারীদের বিচারের দাবিসহ ৯ দফা দেয়া হয়।

সমাবেশে ফজলে করিম বলেন, তাইন্দংয়ের ঘটনা নিন্দনীয়। সরকার পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে আন্তরিক। এখানে পাহাড়িরা একা নন, সরকার তাদের পাশে আছে।

এ সময় তিনি জানান, সংসদীয় কমিটি ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেন, কোন বিবেকবান মানুষ এ ধরনের ঘটনা ঘটাতে পারে না। সরকারকে দুর্বল করতে ও সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে ।

এ সময় প্রতিমন্ত্রী সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক মাস রেশন ও অর্থনৈতিক সহায়তা দেয়া হবে বলে জানান।

সমাবেশে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম জুন্মশরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, বকুল কান্তি চাকমা, দেবব্রত চাকমা বক্তব্য রাখেন ।

গত ৩ অগাস্ট এক বাঙালি মোটরসাইকেল চালক অপহরণের খবর ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা কয়েকটি পাহাড়ি গ্রামে হামলা-লুটপাট-অগ্নিসংযোগ করে। হামলা হয় বৌদ্ধ বিহারেও।