বরগুনায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
বরগুনার বেতাগী উপজেলায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
বুধবার ভোরের দিকে উপজেলার বকুলতলী গ্রামের সফুরা বেগমকে (৭৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ছেলে শানু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের অন্য দুই ছেলে মোশারেফ মোল্লা ও হারুন মোল্লা অভিযোগ করেন, তাদের ছোট ভাই শানু মোল্লা অনেক আগেই তার মায়ের কাছ থেকে ৩৩ শতাংশ জমি লিখিয়ে নিয়েছে। বাকি জমি তাদের ২ ভাইকে দেয়ার জন্য সফুরা বেগম সিদ্ধান্ত নিয়েছিলেন। বুধবার বেতাগী সাব-রেজিস্ট্রি অফিসে দলিল হবার কথা ছিল।
তারা বলেন, “কিন্তু দলিল করার আগেই ভোর রাতে ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”
বেতাগী থানার ওসি বাবুল আখতার বলেন, প্রাথমিক তদন্তে শানু মোল্লা তার মাকে হত্যার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় সফুরা বেগমের নাতি কামাল মোল্লা বাদী হয়ে বেতাগী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
