২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি নিবন্ধকের পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক নজরুল ইসলাম পদত্যাগ করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বুধবার সকাল ১১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

নিবন্ধকের দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই তিনি পদত্যাগ করলেন।

এ বিষয়ে অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে আসছি।

“কিন্তু উপাচার্যের একান্ত সচিব সাহাবুদ্দিন বিভিন্নভাবে আমার কাজে হস্তক্ষেপ করেন। বিষয়টি উপাচার্যকে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি।”

এ কারণে তিনি পদত্যাগ করেন বলে জানান।

তিনি আরো বলেন, “১৯৭৩ সালের অ্যাক্ট এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত ভঙ্গ করে যদি প্রশাসনিক কার্যক্রম চলে তাহলে তা আমি সমর্থন করতে পারি না। বিশ্ববিদ্যালয়ের এমন কিছু কাজ হচ্ছে যা আমার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে।”

উপাচার্যের একান্ত সচিব পরিচয় দিয়ে বিভিন্ন সময়  সাহাবুদ্দিন তার স্বাক্ষরিত দাপ্তরিক চিঠি দিয়ে নিবন্ধকের দপ্তরের বিভিন্ন কাজ করে তাকে বিভ্রান্তিতে ফেলেছেন বলেও দাবি করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে উপাচার্যের সচিব সাহাবুদ্দিন বলেন, “আমি শুধু প্রশাসনিক কাজ করে থাকি। এর বেশি কিছু করি না।”

এ বিষয়ে কথা বলার জন্য উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

চলতি বছর ২০ মার্চ উপাচার্য হিসেবে অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক সারওয়ার জাহান সজল দায়িত্ব গ্রহণ করেন। পরদিন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক হিসেবে নিয়োগ দেয়া হয়।