ঘুষ নেয়ায় পুলিশের এসআইয়ের কারাদণ্ড
ঘুষ নেয়ার নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের এক উপ-পরিদর্শকের দুবছরের কারাদণ্ড হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত রকিবুল হাসান রাজধানীর মিরপুর মডেল থানার সাবেক এসআই।
মঙ্গলবার বিকেলে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোতাহার হোসেন তাকে দুবছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আসামি রকিবুল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথিতে দেখা যায়, ঘুষ নেয়ার অভিযোগে ২০১০ সালের ১৩ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক বাদি হয়ে আদালতে রকিবুল হাসানের বিরুদ্ধে মামলা করেন।
রায়ে বলা হয়, ফেরদৌস আরা নামের এক নারী ২০১০ সালের ২৫ শে নভেম্বর মিরপুর মডেল থানায় এক মামলা করেন। ওই মামলার আসামিদের ধরতে এসআই রকিবুল হাসান ওই নারীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন।
ফেরদৌস আরা তাকে ১৫ হাজার টাকা পরিশোধ করার পর বাকি টাকার জন্য তাকে একাধিকবার মোবাইলে এসএমএস পাঠানো হয়।
ঘুষ চাওয়ার কথোপকথন মোবাইলে রেকর্ড করে দুদকের কাছে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য দাবি করেন ফেরদৌস আরা।
আদালতের পি পি রফিক উদ্দিন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, এমামলায় বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৪ জনের সাক্ষ্য নেয়া হয়।
