সাভারে ব্যবসায়ীকে আটকে নির্যাতন
ঢাকার সাভারে এক গামের্ন্টস ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পেয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার ইমান্দিপুর মহল্লার সাদেক মোল্লার ভাড়া বাড়ি থেকে অসুস্থ অবস্থায় আটকের তিন দিন পর ওমর ফারুককে (৩৩) উদ্ধার করা হয়।
ওমর ফারুককে সাভার থানা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসার সূত্র ধরে পূর্ব পরিচিত রাসেল আহম্মেদ নামের এক যুবক ওমর ফারুককে শনিবার দুপুরে কৌশলে মহাখালী থেকে ডেকে নিয়ে আসে।
পরে রাসেল তাকে পৌর এলাকার ভাড়া বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন করে চালায় বলে পুলিশের কাছে অভিযোগ করেন ওমর ফারুক।
এসআই আরও জানান, প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়।
তবে পুলিশ রাসেলকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানিয়েছেন।
