২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রদলের দুইপক্ষের পৃথক কর্মসূচি

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রামে পৃথক মিছিল সমাবেশ করেছে নগর ছাত্রদলের দুইপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 07:59 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

নগর বিএনপি নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে দোয়া মাহফিল ও মিলাদ আয়োজন করলেও মাঠে কোনো কর্মসূচিতে ছিল না।

মঙ্গলবার সকালে নগর বিএনপি কার্যালয় থেকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে ছাত্রদলের নগর কমিটিতে পদবঞ্চিতরা।

‘চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পদবঞ্চিত তৃণমূল নেতাকর্মী’র ব্যানারে আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে নগর ছাত্রদলের নতুন কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানানো হয়।

ছাত্রদলের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ শাখার সভাপতি ও সাবেক কমিটির সদস্য সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল হামিদ, আজম উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, বজল আহম্মেদ জিয়াউর রহমান, শহিদুল হক প্রমুখ।

চট্টগ্রাম নগর ছাত্রদলের কমিটি বাতিলের দাবি জানিয়ে নেতারা বলেন, হাইব্রিড নেতা দিয়ে গঠিত পকেট কমিটি বাতিল করতে হবে। দলের ভেতর যারা তারেক রহমানের নাম বিক্রি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের রুখে দাঁড়াতে হবে।

বিকেলে নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে সমাবেশ শেষে আরেকটি র‌্যালি বের করে নগর ছাত্রদলের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা।

এই কর্মসূচিতে অংশ নেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন। বিএনপির রাজনীতিতে ছাত্রদলের এই অংশ শাহদাতের অনুসারী হিসেবে পরিচিত।

এখানে শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ, যুবদল সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তী ও নগর বিএনপি সাধারণ সম্পাদক শাহদাত হোসেন।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আগে দুপুরে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে নগর বিএনপি। এই কর্মসূচিতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ডা. শাহদাত হোসেন অংশ নেন।

প্রায় ১০ বছর পর গত ২১ জুলাই নগর ছাত্রদলের ১১ সদস্যের নতুন কমিটি ঘোষাণা করা হয়। কমিটি ঘোষণার পর দিন থেকে ‘পদবঞ্চিতরা’ বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন শুরু করে আসছে।