‘মাদক ঠেকাতে আইন কঠোর করতে হবে’
মাদক নিয়ন্ত্রণে আইন সংশোধনের ওপর জোর দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
মঙ্গলবার চট্টগ্রামে যুব সমাজের জন্য মাদক বিরোধী সচেতনতামূলক সেমিনারে তিনি বলেন, ““মাদকের ট্রানজিটগুলোতে শক্ত পাহারা বসাতে হবে। মাদক বিক্রেতাদের সঠিক বিচারের জন্য প্রযোজনে আইনও সংশোধন করতে হবে।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মাদকমুক্ত সমাজ গড়তে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
চট্টগ্রামের এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত এ সেমিনারের সহযোগিতা করে কোরিয়ার সুপ্রিম প্রসিকিউটরস অফিসের নারকোটিকস বিভাগ।
সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আমির হোসেন বলেন, বাংলাদেশে অতীতেও কোনো ধরনের মাদক উৎপাদন হতো না, এখনো হয় না।
“কিন্তু ভৌগলিক অবস্থানগত কারণে মাদক পাচারকারীরা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে।”
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এসব কমিটিগুলো কার্যকর থাকলে মাদক অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
সেমিনারে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, “আইন শৃঙ্খলা বাহিনীর এত অভিযান চলার পরও মাদকের বিস্তার দিন দিন বেড়ে চলেছে। ফলে আমাদের প্রচেষ্টা কার্যত বিফল।”
এজন্য জনসচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, “মাদকের চাহিদা রোধ করার ক্ষমতাটা আইন শৃঙ্খলা বাহিনীর নেই, এটা আছে প্রতিটা পরিবারের হাতে।”
চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি উপ-উপাচার্য অধ্যাপক আলী আশরাফ।
বক্তব্য রাখেন, কোরিয়ার সুপ্রিম প্রসিকিউটরস অফিসের নারকোটিকস বিভাগের পরিচালক চিওল-হি লি, বিজিবি ২৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম সালাউদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
