২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালনাগাদের পরিচয়পত্র বিতরণ এ মাসের মাঝামাঝি

ভোটার তালিকা হালনাগাদে অন্তর্ভুক্তদের জাতীয় পরিচয়পত্র এই মাসের মাঝামাঝি বিতরণ শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 11:34 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মহসীন আলী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার ৯ কোটি ২১ লাখ ২৯ হাজার ৮৫২ জন ভোটার তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে সর্বশেষ ৭০ লাখ ভোটার এ বছর হালনাগাদে যোগ হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, গত বছর ১০ মার্চ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ করে ইসি। এবছর ৩১ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

নতুন ভোটার হওয়া ৭০ লাখ ১৭ হাজার ৫২১ জনের জাতীয় পরিচয়পত্র দেয়া হবে এবার।

মহসিন আলী বলেন, “১০/১৫ দিন পরেই ঢাকার ভোটারদের প্রাথমিকভাবে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশে তা বিতরণ করা হবে।”

তবে কিভাবে তা বিতরণ করা হবে- এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিস থেকে নিজের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।

প্রথমে ঢাকা জেলা থেকে পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু হবে এ মাসের মাঝিমাঝি সময়ে। এরপর বাকি জেলাগুলোতে দেয়া হবে।

ঢাকা জেলায় ৫ লাখ ৮ হাজার ৪৬৫ জন ও ঢাকা মহানগরে ৩ লাখ ৬৭ হাজার ৪৬০ জন নতুন ভোটার তাদের জাতীয় পরিচয়পত্র পাবেন।

আগামী ২৭ অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে। এর আগেই তা বিতরণ করা হতে পারে। অবশ্য ভোট দিতে এ পরিচয়পত্র প্রয়োজন পড়ে না।

ইসি কর্মকর্তারা জানান, ইতিমধ্যে আর্মি প্রিন্টিং প্রেসে জাতীয় পরিচয়পত্র ছাপানোর কাজ চলছে। বর্তমানে ঢাকা জেলার ভোটারদের পরিচয়পত্র ছাপানোর কাজ শেষে হয়েছে। অক্টোবরের মধ্যে অন্য জেলার কাজও শেষ হয়ে যাবে।