রাঙামাটিতে এনজিওকর্মী গুলিবিদ্ধ
রাঙামাটি শহরের বনরূপা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে প্রমেশ চাকমা (৩৫) নামের এক এনজিওকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রমেশ স্থানীয় উন্নয়ন সংস্থা ‘টংগ্যা’র নৌকাচালক হিসাবে কাজ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান জানান, প্রমেশ বনরূপা এলাকায় তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা এক সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
গুলিটি তার ডান কানে লাগে। লোকজন তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
গুলির শব্দ শুনে লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিলে শহরের হ্যাপী মোড়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় ওই সন্ত্রাসী।
উদ্ধারকৃত পিস্তলটি ইতালির তৈরি এবং পিস্তলের ম্যাগজিনের মধ্যে ৩ রাউন্ড তাজা গুলি পাওয়া গেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
টংগ্যার সাধারণ সম্পাদক সুস্মিতা চাকমা জানান, প্রমেশ তিন দিন আগে কাজে যোগ দেন।
তার বাড়ি বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মগবান গ্রামে।
