২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুরিয়ায় বিআরটিএ’র দালালবিরোধী অভিযান  

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 10:24 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আ. ত. ম আবদুল্লাহেল হাদী জানান, ঢাকার কেরানীগঞ্জের এই অফিসে সোমবার দুপুর ১২টা থেকে অভিযান চালানো হয়।

দালালবিরোধী এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর হাকিম নজরুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নানাভাবে ভুক্তভোগীরা দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ। তাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।”

গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন রকমের ফর্ম পূরণ এবং ড্রাইভিং পরীক্ষা দেয়ার  জন্য ইকুরিয়ায় গেলে দালাল ছাড়া কোনো কাজ হয় না বলে অভিযোগ প্রায় সবারই।

ড্রাইভিং লাইসেন্স করতে আসা কেরানীগঞ্জের বরিশুর এলাকার বাসিন্দা শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দিন এসে ঘুরে গেছি। পরে পরিচিত দালালের মাধ্যমে লাইসেন্স পেয়েছি।”

ডিজিটাল পদ্ধতিতে লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর করা, গাড়ির মালিকানা হস্তান্তর, ট্যাক্স টোকেন, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, রোড পারমিট করতে এসে নির্ধারিত ফির চেয়ে দালালরা অতিরিক্ত টাকা আদায় করছে বলেও অভিযোগ রয়েছে।

দালাল ছাড়া সরাসরি কেউ কাজ করতে গেলে অফিস কর্মকর্তাদের হয়রানিতে পড়ে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় বলেও জানান অনেকে।