আটক বাংলাদেশিকে পুলিশে দিল বিএসএফ
নওগাঁর সাপাহার উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি যুবককে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
সোমবার ভোরে উপজেলার আদাতলা সীমান্ত থেকে জুয়েল হোসেনকে (২৫) আটক করে বিএসএফ।
পরে বেলা ১১টায় বিজিবির সঙ্গে এক পতাকা বৈঠকে বিএসএফ জুয়েলকে পুলিশে দেয়ার কথা জানায়।
জুয়েল সাপাহার উপজেলার আদাতলা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
নওগাঁ-৪৬ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন জানান, ভোরে আদাতলা সীমান্তের ২৩২ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনার জন্য ভারতে যান জুয়েল।
এ সময় বিএসএফের রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন জানান, বিষয়টি নিয়ে সীমান্তের ২৪২ নম্বর মেইন পিলারের পাশে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিএসএফ ও বিজিবির মধ্যে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
“বৈঠকে বিএসএফ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে জুয়েলকে মালদহ জেলার বামনগোলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।”
পতাকা বৈঠকে বিএসএফের রাঙ্গামাটি ক্যাম্পের কমান্ডিং অফিসার ইন্সপেক্টর পবিত্র নেকি এবং ৪৬ বিজিবি ব্যাটালিয়নের আধাতলা ক্যাম্পের কমান্ডিং অফিসার নায়েক সুবেদার আব্দুল মজিদ নেতৃত্ব দেন, বলেন বিজিবি কর্মকর্তা।
