পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের অবস্থান চলছে
নবনিযুক্ত ৭২ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাতিলের দাবিসহ ১১ দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির অবস্থান দ্বিতীয় দিনও অব্যাহত রয়েছে।
রোববার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান করেন। সোমবার সকাল ১০টায়ও একই স্থানে অবস্থান নেন।
এদিকে কর্মসূচি চলাকালেই রোববার বিকালে নবনিযুক্ত অন্তত ৪৫ জন কাজে যোগ দিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আতিকুর রহমান জানান, সম্পূর্ণ অবৈধভাবে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭২ জনকে নিয়োগ দিয়েছে।
এরমধ্যে শিক্ষক সাত জন, কর্মকর্তা আট জন, তৃতীয় শ্রেণির কর্মচারী ২৩ জন ও ৪র্থ শ্রেণির কর্মচারী ৩৪ জন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ৪র্থ শ্রেণির কর্মচারীদের পদোন্নতি সময়সীমা কমানোর লিখিত সিদ্ধান্ত দিতে হবে, সকল কর্মচারীর সুযোগসুবিধা বৃদ্ধি করে নীতিমালা সংশোধন করতে হবে, সেকশন অফিসার পদে নিয়োগ বাতিল করে বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সুযোগ সাবিধা নিশ্চিত করতে হবে, মাস্টার রোলে কর্মরতদের দ্রুত এডহক ভিত্তিতে নিয়োগ দিতে হবে, কর্মচারীদের উচ্চতর পদে পদোন্নতি বা আপগ্রেডেশন দিতে হবে।
এ বিষয়ে রোববার তারা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামন বলেন, এখানে আমাদের কিছু বলার অবকাশ নেই। কারণ একটি নিয়োগ কমিটির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার ভ্রম জানান, বিষয়টি নিয়ে কর্মচারী সমিতির নেতাদের সঙ্গে তাদর দাবি নিয়ে কথা হয়েছে। খুব শিগিরই একটি সমঝোতা হবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে ৪০/৪৫ জনের মতো যোগদানপত্র দিয়েছেন।
