জাল ভিসায় মালয়শিয়া যাওয়ার চেষ্টা, আটক ৫
জাল ভিসা নিয়ে মালয়শিয়া যাওয়ার চেষ্টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচজনকে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের বহির্গমন চেক-ইন-রো-ডি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান।
আটকরা হলেন- মুন্সিগঞ্জের মো. মনজুর (৩২), শাহজাহান শেখ (৩৪), মো. আব্দুল আল মামুন (২৭), মো. শাহীন হোসাইন (২১) এবং শরিয়তপুরের মিজানুর রহমান (২৫)।
জাল ভিসা নিয়ে তারা রিজেন্ট এয়ারের ফ্লাইটে মালয়শিয়া যাওয়ার চেষ্টায় ছিল বলে এই এপিবিএন কর্মকর্তা জানান।
এদিকে শনিবার মধ্যরাত থেকে মালয়শিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। প্রথম দিনের অভিযানে প্রায় এক হাজার বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যার মধ্যে অন্তত ৩৭ জন বাংলাদেশি।
