২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমের পক্ষে দ্বিতীয় জনের সাক্ষ্য

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমের পক্ষে সাক্ষ্য দিয়েছেন দ্বিতীয় সাফাই সাক্ষী মো. মোজাফফর হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 11:55 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলামের উপস্থিতিতে রোববার সাক্ষ্য দেন জয়পুরহাটের সদর থানার হানাইলবম্বু গ্রামের এই বাসিন্দা।

সাক্ষ্য দেয়া শেষ হলে মোজাফফর হোসেনকে জেরা করেন প্রসিকউটর রানা দাশগুপ্ত।

এদিকে রোববার আসামিপক্ষের আরেকজন সাক্ষী হিসেবে আব্দুল আলীমের ছেলে সাজ্জাদুল আলীম বিন ফয়সালকে উপস্থাপনের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।

অশীতিপর আলীম শর্তসাপেক্ষে জামিন নিয়ে বনানীতে তার ছেলের বাড়িতে রয়েছেন। ফয়সাল মোবাইল ফোনের কনটেন্ট প্রোভাইডার প্রতিষ্ঠান উইনটেলের মালিক।

জয়পুরহাটের সাবেক সংসদ সদস্য আলীমের পক্ষে প্রথম সাক্ষী মামুনুর রশীদ চৌধুরী গত ২৭ অগাস্ট সাক্ষ্য দেন।

এর আগে গত ২২ অগাস্ট প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। আলীমের বিরুদ্ধে সাক্ষ্য দেন ৩৫ জন।

গতবছরের ১১ জুন সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের মোট ১৭টি অভিযোগে আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।