রাজধানীতে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রোববার দুপুর ২টার দিকে মিরপুর ১নম্বর সেকশনের দিয়াবাড়ি বালুর মাঠ এলাকায় রাস্তা পার হওয়ার সময সাথী আকতার (২৪) নামে এক নারী গাড়ির ধাক্কায় আহত হন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিকালে নিউ ইস্কাটনে সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে ৬ নম্বর বাসের ধাক্কায় গুরুতর আহত হন মেহেদী হাসান (১৩) নামে এক শিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
পরে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
এছাড়া পল্টনের বিজয়নগরে একটি উঁচু ভবনের বাইরের অংশ পরিস্কার করার সময় নিচে পড়ে নিহত হন মকবুল (৫০) নামে এক শ্রমিক।
মোজাম্মেল নামে একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনের ছাদ থেকে একটি ময়লার বস্তা ওই শ্রমিকের গায়ে পড়লে মকবুল নিচে পড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে তিনজনের লাশ স্বজনরা নিয়ে গেছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল প্রতিনিধি।
