সিলেটে শিবির নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রবের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
রোববার দুপুরে সিলেট এমসি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা শিবিরকে ‘জঙ্গি সংগঠন’ উল্লেখ করে বলেন, বাংলাদেশকে জঙ্গিমুক্ত করতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এখন জনদাবিতে পরিণত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজির উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান জসিম, সিলেট ল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রাশেদ, ছাত্রলীগ নেতা রুহেল তালুকদার, হোসাইন আহমদ, সোহেল আহমদ, রুবেল আহমদ, সোহান রায়, শামীম আলী, রাসেল আহমদ প্রমুখ।
গত ২৫ অগাস্ট সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালের সামনে এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রবকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
পরে ২৭ অগাস্ট রাতে শিবিরের ১৬ নেতাকর্মীকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করেছেন মোস্তাফিজুরের বাবা আফতাব আলী ।
