উল্লাপাড়ায় বিএনপির সংঘর্ষ, আহত ৫০
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বিএনপির দুগ্রুপের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
রোববার উপজেলা সদরে এ সংঘর্ষ চলাকালে দলীয় কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় আতংক ছড়িয়ে পড়ায় দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।
বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ এই কর্মকর্তা জানান, বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেনের নেতৃত্বে বিএনপির একাংশ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা করছিল।
এমন সময় সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি এম আকবর আলী অন্তত দুই হাজার নেতাকর্মীসহ মিছিল নিয়ে উপজেলা সদরে প্রবেশ করেন।
এক পর্যায়ে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গেলে মিছিল থেকে দলীয় কার্যালয় লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়।
এ সময় দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। দুপক্ষ অন্তত ২০/২৫ রাউন্ড গুলিবর্ষণ এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এরপর একটি গ্রুপ দলীয় কার্যালয়ে ঢুকে টিভি, রিফ্রিজারেটর, ফ্যান, টেবিল-চেয়ারসহ আসবাবপত্র ভাংচুর করে অফিসের ভিতরে ও সামনে আগুন দেয়।
দলের এক নেতার একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় এবং স্থানীয় এক সাংবাদিকের মোটরসাইকেল ভাংচুর করা হয়।
এরপর সাড়ে ১২টার দিকে এম আকবর আলী ত্রিকোলা মোড়ে সমাবেশ করেন।
এ সময় তিনি বলেন, বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোনো স্থান নেই। যেকোনো মূল্যে উল্লাপাড়াকে সন্ত্রাসমুক্ত করা হবে।
যারা দলের নাম ভাঙিয়ে সংগঠন বিরোধী কার্যকলাপ করছে তাদের উল্লাপাড়া থেকে বিতাড়িত করা হবে, বলেন তিনি।
এ ব্যাপারে আজাদ হোসেন বলেন, এম আকবর আলী ও পৌর মেয়র বেলাল হোসেন প্রায় তিন হাজার ভাড়াটে সন্ত্রাসী এনে দলীয় কার্যালয়ে সভা চলাকালে হামলা, গুলিবর্ষণ এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাণ্ডব চালিয়েছেন।
এসময় তারা দলের চেয়ারপারসনের ছবিসহ কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
এতে অন্তত শতাধিক নেতাকর্মী আহত হন বলে তিনি দাবি করেন।
