‘প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রায় শতভাগ’
বর্তমান সরকার প্রথমিক বিদ্যালয়ে প্রায় শতভাগ ভর্তি নিশ্চিত করেছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলায় এক সভায় তিনি বলেন, বর্তমান সরকার শতভাগ ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করে ইতোমধ্যে ৯৯ দশমিক ৩৭ ভাগ ভর্তি নিশ্চিত করেছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন জাতীয়করণের আওতায় আনা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করেনি। তাই আমরা সকলে বর্তমান সরকারের কাছে ঋণী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃতাধীন আওয়ামী সরকারকে সমর্থন দেয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”
দেশের প্রতিটি প্রথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করতে সকল বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান মন্ত্রী।
মহীউদ্দীন খান আলমগীর আরো আরো বলেন, ১৯৭২ সালের ২ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন।
তারই ধারাবাহিকতায় তার কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা ২০১৩ সালের ২৭ মে দেশের ২৬ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও এক লাখ ২৬ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ করেছেন।
এ সকল শিক্ষকদের জাতীয়করণ করায় প্রতিমাসে প্রায় ১০ হাজার কোটি টাকা প্রয়োজন জেনেও শিক্ষক সমাজ ও শিক্ষার স্বার্থে সরকার এ সাহসী সিদ্ধান্ত নিয়েছে, বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু মুসা।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলী পাটওয়ারী, পুলিশ সুপার আমির জাফর, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ আলম সিদ্দিকী, কাপিলা বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার পপি প্রমুখ।
