‘কিশোরের হাতে’ ছোটভাইয়ের মৃত্যু
ফরিদপুর শহরতলিতে এক কিশোরের পিঁড়ির আঘাতে তার ছোটভাই নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার দুপুরে এ ঘটনায় নিহত সোহাগ (১৪) হাড়োকান্দি এলাকার প্রয়াত ফকির আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরউদ্দিন জানান, সকাল ১০টার দিকে সোহান (১৬) ও তার ছোটভাই সোহাগের (১৪) মধ্যে কোনো এক তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বড়ভাই সোহান উত্তেজিত হয়ে তার হাতের কাছে থাকা একটি কাঠের পিঁড়ি দিয়ে সোহাগের মাথায় আঘাত কররে সে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
তিনি আরো বলেন, ঘটনার পর থেকে সোহান পলাতক রয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি।
