২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তথ্য গোপনে অভিযুক্ত সাবেক কারারক্ষী ও কাউন্সিলর

তথ্য গোপন করে নাগরিকত্বের সনদ হস্তান্তরের অভিযোগে চট্টগ্রামের সাবেক এক কারারক্ষী ও ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 10:09 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

আসামি চাকুরিচ্যুত কারারক্ষী বাবুল হোসেন ও ৩২ নম্বর আন্দকিল্লা ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এ এম শাহাবউদ্দিন।

এদের মধ্যে বাবুল কুমিল্লার বুড়িচংয়ের বাসিন্দা। আর ওয়ার্ড কাউন্সিলর শাহাবউদ্দিন হলেন আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বড় ভাই। 

বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক আবুল বাশার বাদি হয়ে নগরীর কোতোয়ালী থানায় ওই মামলা করেন।

দুদকের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে জানান, কুমিল্লার বাসিন্দা হলেও বাবুল চট্টগ্রামের নাগরিক হিসেবে ২০০১ সালে কারারক্ষী হিসেবে নিয়োগ পান।

দুদক পরিচালক বলেন, “ওয়ার্ড কাউন্সিলর শাহাবউদ্দিন তাকে সনদ প্রদান করেছে।”

ভুয়া সনদ জমা দেয়ার অভিযোগে বাবুল গত বছরের ৩১ ডিসেম্বর চাকুরিচ্যুত হন বলে জানান দুদকের এই কর্মকর্তা।

কোতয়ালী থানার এসআই উৎপল বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।