২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 08:55 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালমারী সরকারি কলেজের সামনে থেকে কয়েকশ’ শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ১৫ ঘণ্টারও অধিক সময় বোয়ালমারী উপজেলায় বিদ্যুৎ থাকে না। অব্যাহত লোডশেডিংয়ের কারণে পড়ালেখা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হচ্ছে।

এক সপ্তাহের মধ্যে এ সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, না হলে বোয়ালমারীর সব শ্রেণি-পেশার মানুষদের নিয়ে পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করা হবে।

বোয়ালমারী পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) অখিল কুমার সাহা জানান, কানাইপুর পল্লী বিদ্যুৎ থেকে চাহিদার তিনভাগের একভাগ বিদ্যুৎ পাওয়া যায়।

“এ কারণে প্রতিদিন ৭/৮ ঘণ্টা লোডশেডিং করতে বাধ্য হই। রাতের বেলা ৩৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৪ মেগাওয়াট এবং দিনের বেলা ২৫ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ পাওয়া যায় মাত্র আট মেগাওয়াট।”

তিনি বলেন, গরম একটু কমলে সরবরাহ বাড়তে পারে। সে ক্ষেত্রে আরও ৩/৪ দিন পর লোডশেডিং সহনীয় পর্যায়ে আসতে পারে।