সীমানা নিয়ে ঝিনাইগাতীতে বিজিবি-বিএসএফ বৈঠক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আমতলী সীমান্তের বিরোধ নিষ্পত্তির জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মধ্যে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় ভারতের কান্তিপাড়া ক্যাম্প এলাকায়।
বিজিবি-২৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আমজাদ হোসেন বৈঠকের সত্যতা স্বীকার করে বলেন, ‘নিরাপত্তার স্বার্থে’ বিএসএফের কান্তিপাড়া ক্যাম্প এলাকায় সীমানা বেষ্টনী নির্মাণের বিষয়ে বিএসএফের আমন্ত্রণে এই পতাকা বৈঠক হয়েছে।
“বৈঠকে উভয় দেশের পক্ষে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। এরপর সেগুলো বাস্তবায়িত হতে পারে।”
সীমান্তে বিএসএফের একটি কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ এর মধ্যে ওই বিরোধ তৈরি হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার সফিক, টুআইসি মেজর আবু হোরাইরা, বিজিবি-২৭ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবেদ সুলতান, উপ-অধিনায়ক মেজর আমজাদ হোসেন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের তুরা সেক্টরের ডিআইজি মাহেন্দ্র সিং রাথুর।
