কভার্ডচালকের সহকারীকে খুন করে পোশাক ছিনতাই
গাজীপুরে একটি পোশাক কারখানার কভার্ডভ্যানের চালকের সহকারীকে হত্যা করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়েছেন চালক।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চালকের সহকারী রমিজ উদ্দিনের (৩২) লাশ উদ্ধার করা হয়।
তিনি মাদারীপুরের শিবচর থানার হোগলার মাঠ বালিকান্দি এলাকার আব্দুল ফরাজীর ছেলে।
আহত চালক নুরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে কোনাবাড়ি এলাকা থেকে তুসুকা প্রসেসিং লিমিটেড নামের ওয়াশিং কারখানা থেকে মালভর্তি কভার্ডভ্যান নিয়ে তারা টঙ্গী মিলগেইট এলাকার তুসুকা ফ্যাশন কারখানায় যাচ্ছিল।
পরে রাত ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের অফিসের সামনে মহাসড়কের পূর্ব পাশে রমিজের লাশ পড়ে থাকার খবর পাই।
এর আগে ঘটনাস্থল থেকে পাঁচশ’ গজ উত্তরে একই মহাসড়কের পাশে গুরুতর আহত চালক নূরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তুসুকা প্রসেসিং কারখনার ব্যবস্থাপক মো. মিনহাজুর রহমান জানান, ভ্যানটিতে ৪ হাজার ৫৬৫ পিস জিন্সের প্যান্ট ওয়াশ করে টঙ্গীর তুসুকা ফ্যাশন কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে চালক ও তার সহকারীকে হতাহত করে পোশাকগুলো লুটে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
পরে মধ্যরাতে তেলিপাড়া ট্রাকস্ট্যান্ড এলাকায় খালি কভার্ড ভ্যানটি পাওয়া যায় বলে জানান ব্যবস্থাপক।
