২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফাই সাক্ষী বাড়ছে না আলিমের

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল আলিমের পক্ষে সাফাই সাক্ষীর সংখ্যা বিষয়ক আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনূর ইসলাম এ আদেশ দেন।

এর আগে গত ২১ অগাস্ট এ মামলায় আসামির পক্ষে সাফাই সাক্ষ্যের সংখ্যা তিনজনে সীমিত রাখার আদেশ দেয় ট্রাইব্যুনাল।

আসামিপক্ষের দাখিল করা ৩ হাজার তিনশ’ ২৮ জন সাফাই সাক্ষীর তালিকা থেকে শুধুমাত্র ‘অ্যালিবাই’ প্রমাণের জন্য প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী হিসেবে এ সংখ্যা নির্ধারণ করে দেয়া হয়।

পরে ২৭ অগাস্ট ওই আদেশ পুনর্বিবেচনা করার জন্য আবেদন জানায় আসামিপক্ষ।

বৃহস্পতিবার ওই আবেদনের বিরোধিতা করে শুনানি করেন প্রসিকিউটর রানা দাস গুপ্ত ও হায়দার আলী। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।

প্রসিকিউটর রানা দাস গুপ্ত বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোনো আদেশ রিকল করার কোনো বিধান নেই, আদেশ দেয়ার এক সপ্তাহের মধ্যে রিভিউ করার একটা সুযোগ রয়েছে। তাই এই আবেদনের কোনো আইনি ভিত্তি নেই।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এটা আসামির জীবনের প্রশ্ন, তাই তার পক্ষে মাত্র তিনজন সাক্ষী যথেষ্ট নয়।

গত ২৭ অগাস্ট আলীমের পক্ষে সাক্ষ্য দেন প্রথম সাফাই সাক্ষী মামুনুর রশীদ চৌধুরী।

এর আগে ২২ অগাস্ট আব্দুল আলীমের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। আলীমের বিরুদ্ধে জব্দ তালিকার আটজন সাক্ষী এবং মামলার তদন্ত কর্মকর্তাসহ সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের ৩৫ জন সাক্ষী।

গতবছরের ১১ জুন সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের মোট ১৭টি অভিযোগে আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২।

তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে, জয়পুরহাটের ডা. আবুল কাশেম হত্যা এবং ২৬ জন মুক্তিযোদ্ধার গণহত্যায় জড়িত থাকা, জয়পুরহাটের করাইকাদিপুর এলাকার গণহত্যাসহ চকপাড়া, জুড়িপাড়া, পালপাড়া, সোনাপাড়া এলাকায় ৩৮ জনকে হত্যারও অভিযোগ রয়েছে আলীমের বিরুদ্ধে, যাদের বেশিরভাগই ছিলেন হিন্দু সম্প্রদায়ের।