আলীমের পক্ষে প্রথম সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীমের পক্ষে সাক্ষ্য দিয়েছেন প্রথম সাফাই সাক্ষী মামুনুর রশীদ চৌধুরী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মঙ্গলবার জবানবন্দিতে তিনি বলেন, অভিযুক্তের ছেলে সাজ্জাদ ফয়সাল আলীমের অনুরোধে তিনি সাক্ষ্য দিতে এসেছেন।
জয়পুরহাটের সাবেক সংসদ সদস্য আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। তিনি থাকছেন ছেলে মোবাইল টেলিফোনের কনটেন্ট প্রোভাইডার উইনটেলের মালিক ফয়সালের বনানীর বাড়িতে।
জয়পুরহাট সদরের শান্তিনগরের বাসিন্দা মামুনুর রশিদ জানান, একাত্তরে তার বয়স ছিল ১৩ বছর। ওইসময় তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়তেন, থাকতেন জয়পুরহাটের সিও কলোনীতে।
বর্তমানে ৫৫ বছর বয়সী এই সাক্ষী বলেন, একাত্তরে তিনি আসামি আব্দুল আলীমের নাম শোনেননি। তবে মন্ত্রী হওয়ার পর তিনি নাম শুনেছেন।
আদালতে আলীমের উপস্থিতিতে সাক্ষ্য দেন মামুনুর রশিদ।
তাকে প্রসিকউশনের জেরা শেষ হলে আগামী রোববার দ্বিতীয় সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
গত ২২ অগাস্ট আলীমের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ৩৫ জন।
গতবছরের ১১ জুন সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের মোট ১৭টি অভিযোগে আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে, জয়পুরহাটের ডা. আবুল কাশেম হত্যা এবং ২৬ জন মুক্তিযোদ্ধার গণহত্যায় জড়িত থাকা।
জয়পুরহাটের করাইকাদিপুর এলাকার গণহত্যাসহ চকপাড়া, জুড়িপাড়া, পালপাড়া, সোনাপাড়া এলাকায় ৩৮ জনকে হত্যারও অভিযোগ রয়েছে আলীমের বিরুদ্ধে, যাদের বেশিরভাগই ছিলেন হিন্দু সম্প্রদায়ের।
