২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশর দূতাবাসে ‘হুমকিদাতা’ ফের রিমান্ডে

ঢাকাস্থ মিশর দূতাবাসে হামলার হুমকি দেয়ার অভিযোগে গ্রেপ্তার শওকত ওসমান ওরফে শওকত আবছারকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 11:57 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

শওকতকে ৫৪ ধারা গ্রেপ্তার দেখিয়ে চার দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. সৈয়দুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতের আবেদন জানালে মহানগর হাকিম মো. মারুফ হোসেন চার দিন হেফাজতের নির্দেশ দেন।

হেফাজতের আবেদনে বলা হয়, আসামি নিজেকে ‘ইসলামী ব্রাদারহুড অ্যান্ড মুরসি সাপোর্টার ইন বাংলাদেশ’-এর পক্ষে মিশরীয় রাষ্ট্রদূত বরাবর একটি হুমকিপত্র নিজ হাতে লিখে ঢাকায় অবস্থিত মিশর দূতাবাসে নিজে গিয়ে ডাক বক্সে দাখিল করেন।

এটি সন্ত্রাসী তৎপরতার অংশ বলে শওকতকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কক্সবাজার জেলার ইদগাঁও বাজার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শওকত ঢাকার তেজকুনীপাড়ায় থাকেন। তাকে ফার্মগেইটের ফোকাস কোচিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়। 

হামলার হুমকি সম্বলিত একটি চিঠি মঙ্গলবার পাওয়ার পর ঢাকার মিশর দূতাবাস তাদের কনস্যুলার শাখা ১০ দিনের জন্য বন্ধ করে দেয়।

মিশর দূতাবাসে পাঠানো চিঠিতে থাকা মোবাইল ফোন নম্বর সনাক্ত করে গত বুধবার শওকতকে গ্রেপ্তার করা হয়।

এই হামলার হুমকির মুখে মিশর দূতাবাসের কনস্যুলার বিভাগ ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।