নামে মিল থাকায় আড়াই মাস কারাভোগ
সাজাপ্রাপ্ত এক আসামির সঙ্গে নামের মিল থাকায় বিনা দোষে প্রায় আড়াই মাস কারাভোগ করেছেন কুমিল্লার এক ব্যক্তি।
আবদুল রহমান (৪৫) নামের ওই ব্যক্তি মঙ্গলবার বিকালে মাদারীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।
তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সাহেদাপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ভুল তথ্যের ভিত্তিতে আবদুল রহমানকে গ্রেপ্তার করা হয়। সে নিঃশর্ত মুক্তি পাওয়ায় আমরা খুশি।
আদালত সূত্রে জানা গেছে, বিদেশে পাঠানোর নাম করে প্রতারণা করায় কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট উপজেলার মকরপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে আবদুল রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন মাদারীপুর সদর থানার তিথিরপাড়া গ্রামের আবদুস সাত্তার শেখ।
২০১১ সালের ২৫ এপ্রিল এ মামলায় মকরপুর গ্রামের আবদুল রহমানকে চার বছর সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ।
রায় ঘোষণার পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে নাম ও বাবার নাম মিল থাকায় কুমিল্লার লাঙ্গলকোট থানার এসআই সরোজিত বড়ুয়া মকরপুর গ্রামের আবদুল রহমানকে বাদ দিয়ে একই থানার পার্শ্ববর্তী সাহেদাপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে আবদুল রহমানকে গত ২২ জুন গ্রেপ্তার করে মাদারীপুর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়।
মঙ্গলবার আসামির জামিন শুনানিকালে মামলার বাদী সত্তার শেখ আদালতে বলেন, গ্রেপ্তারকৃত আবদুল রহমান তার মামলার সাজাপ্রাপ্ত আসামি নন।
আবদুল মুক্তি পেলে তার কোন আপত্তি নেই বলে আদালতে হলফনামা প্রদান করলে ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর নিরাপরাধ আবদুল রহমানকে মুক্তি দেন।
