২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহিদ হত্যা: ফকিরহাট উপজেলা চেয়ারম্যান কারাগারে

বাগেরহাটের ইউপি চেয়ারম্যান খান জাহিদ হাসান হত্যা মামলায় ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 05:53 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

উচ্চ আদালতের নির্দেশে তারা সোমবার বিকেলে খুলনার মুখ্য বিচারিক হাকিম মো. আব্দুর রহমান সরদারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এরা হচ্ছেন- ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার নিয়ামত হোসেন, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মিজানুর রহমান, যুবলীগের বহিষ্কৃত সভাপতি হারুন অর রশিদ, রনি শেখ ও আবুল বাসার।

জাহিদ হোসেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. ইলিয়াস ফকির জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আগামী ২৯ অগাস্ট শুনানরি দিন রেখেছে আদালত।

ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদ হাসান হত্যা মামলার এজাহারনামীয় ছয় আসামিসহ মোট ১৫ জন খুলনা জেলা কারাগারে আটক রয়েছেন। এর মধ্যে চারজন গোয়েন্দা পুলিশের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত ১৮ মে সকাল পৌনে ১০টার দিকে খুলনার রূপসা উপজেলার আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুলনা-বাগেরহাট পুরাতন সড়কে মোটরসাইকেলে আসা সশস্ত্র সন্ত্রাসীরা খান জাহিদ হাসান (৫৩) ও তাকে বহনকারী ভাড়ার মোটরসাইকেল চালক মুন্না আকনকে (২৮) গুলি করে হত্যা করে।

জাহিদের স্ত্রী শিরিন আক্তার গত ১৯ মে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।