নওগাঁর ফারুকের লাশ এসেছে
নওগাঁ সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক হওয়ার পর মৃত বাংলাদেশি যুবকের লাশ এসেছে।
সোমবার দুপুরে সাপাহার উপজেলার কৃষ্ণসদা গ্রামে বাংলাদেশের পুলিশের হাতে ফারুক হোসেনের লাশ হস্তান্তর করে মালদহ জেলার হবিপুর থানা পুলিশ।
ফারুক সাপাহারের বেলডাঙ্গা গ্রামের এনারুল ইসলামের ছেলে।
গত শুক্রবার সন্ধ্যায় ফারুক হোসেন এবং কৃষ্ণসদা গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিয়াউর রহমান সীমান্তের ২৩৫ নং মেইন পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হন।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মালদহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়।
আটক অপর বাংলাদেশি জিয়াউর রহমানকে ভারতের প্রচলিত আইনে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শামসুদ্দিন মো. আরিফুল ইসলাম জানান, হবিপুর থানার এসআই পবিত্র মাহাতো আনুষ্ঠানিকভাবে ফারুকের লাশ হস্তান্তর করেন।
লাশ গ্রহণ করেন সাপাহার থানার এসআই মনিরুল ইসলাম। পরে ফারুকের বাবার কাছে লাম হস্তান্তর করা হয়।
এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শামসুদ্দিন মো. আরিফুল ইসলাম, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা, বিএসএফ পান্নাপুর কোম্পানি কমান্ডার শ্রী শশী দেও প্রসাদ, সাপাহার থানার ওসি মো. নূর ইসলাম এবং সাপাহারের গোয়ালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল উপস্থিত ছিলেন।
কী কারণে ফারুকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে, তারা বাবার অভিযোগ, বিএসএফ তাকে পিটিয়ে হত্যা করেছে।
ফারুকের পরিবার জানায়, ফারুক ঢাকায় গার্মেন্টে চাকরি করতেন। কখনো কখনো এলাকায় রিকশাভ্যানও চালাতেন। আবার নদী ও বিলে মাছ ধরেও আয় করতেন।
শুক্রবার সন্ধ্যায় মাছ ধরার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি। শনিবার সকালে বিএসএফের হাতে তার আটকের খবর আসে।
ফারুক বিবাহিত এবং দুই সন্তানের জনক।
