খুলনায় সড়ক অবরোধ শুরু
মহাসড়কে স্যালো ইঞ্জিন চালিত বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বন্ধের দাবিতে খুলনায় সড়ক অবরোধ শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি ও খুলনা মটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ অবরোধ শুরু করে।
এ কারণে বাগেরহাট ও সাতক্ষীরার সঙ্গেও ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ নছিমন, করিমন, মাহেন্দ্র ও ভটভটিসহ স্যালো ইঞ্জিন চালিত যানবাহন বন্ধের দাবি জানানো হচ্ছে।
“কিন্তু প্রশাসন বার বার প্রতিশ্রুতি দিয়েও এসব যানবাহন চলাচল বন্ধ করতে পারেনি, যার কারণে আমরা আমাদের দাবি আদায়ের জন্য সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধ রেখে রাস্তা অবরোধ করা হয়েছে,” বলেন আনোয়ার।
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন মৃধা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে।
