বিশ্বজিৎ হত্যা মামলার আরো ৩ সাক্ষীর সাক্ষ্য শেষ
পুরান ঢাকার দর্জি ব্যবসায়ী বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আরো তিন সাক্ষীর সাক্ষ্য নেয়া শেষ হয়েছে।
এনিয়ে রোববার পর্যন্ত এই মামলায় ৬০ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেওয়া শেষ হলো।
সাক্ষীরা হলেন- সূত্রাপুর থানার এসআই জাহেদুল হক এবং ইনটেনসিভ ডেন্টাল কেয়ারের ঝাড়ুদার সাইফুল ইসলাম ও ইনটেনসিভ ডেন্টাল কেয়ারের গাড়ি চালক হাবিব।
রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর ভারপ্রাপ্ত বিচারক নুরুজ্জামান তাদের জবানবন্দি রেকর্ড করে পরবর্তী সাক্ষ্যের ২৭ আগস্ট দিন রেখেছেন।
জাহেদুল আদালতকে বলেন, “আমি বিশ্বজিতের সুরতহাল রিপোর্ট তৈরি করি।”
হাবিব বলেন, “গত বছরের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ নামের এক ছেলেকে আমাদের হাসপাতালের বারান্দায় কোপানো হয়। আমি বিকেলে এ খবর পাই। টেলিভিশনে তাকে মারার দৃশ্য দেখি।”
সকালে কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়। এ মামলার আরো ১৩ আসামি পলাতক রয়েছেন।
গত ২ জুন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক মামলার ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
বিশ্বজিৎ হত্যামামলায় গত ৫ মার্চ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে গত ২৬ মে সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে বিচার শুরু হয়।
মামলাটি এর আগে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে ছিল। সেখানেই গত ২৬ মে ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
